মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে পেশাগত দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মোঃ ফারুক হোসেন (৪০) নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে। বুধবার সকালে মনিরামপুর বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন মনিরামপুর উপজেলার ঝাঁপা উত্তরপাড়া গগ্রমের মোঃ শহিদুল্লাহ মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জিসকা (তরংশধ) ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফারুক হোসেন তীব্র গ্যাসের সমস্যা (গ্যাস্ট্রিক পেইন) অনুভব করলে চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং হাসপাতালের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতাল থেকে বের হয়ে মনিরামপুর বাজারের পৌঁছালে হঠাৎ তিনি স্ট্রোক করেন এবং চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইফতেখার রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ফারুক হোসেন সকালে অতিরিক্ত গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করি। পরে হাসপাতাল থেকে ফেরার পথে তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।” ফারুক হোসেনের এই অকাল মৃত্যুতে তার পরিবার এবং সহকর্মীদের মাঝে শো’কের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শোকাহত মনিরামপুরে কর্মরত অন্যান্য ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
