মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলায় আকষ্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিমাঞ্চল রাজগঞ্জ দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি| ঝড়ের সময় বজ্রপাতে মশ্বিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের কৃষক লুৎফর রহমান (৬৫) নিহত হয়েছেন| তিনি ওই গ্রামের বাবর আলী সরদারের ছেলে| স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার পারখাজুরা বাজার এলাকা সেখানে বেশ কিছু দোকানপাট ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি| মাঠে থাকা পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা| ক্ষতিহগ্রস্থ কৃষক আব্দুল মালেক ও রফিকুল ইসলাম জানান, ধান কাটার আগমুহূর্তে এই দুর্যোগ তাদের অপূরণীয় ক্ষতি করে দিল| এদিকে ঝড়ের কবলে পড়ে ঝাঁপা বাঁওড়ের দুটি ভাসমান সেতু ছিঁড়ে গেছে| রাজগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে চলাচলে বিঘ্ন ঘটছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে| স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন| স্থানীয় জনপ্রতিনিধিরা ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন|
