কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ উঠেছে। ঘটনায় গত ৪ এপ্রিল ভিকটিম আদালতে একটি মামলা করেছেন।
কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পি.বি.আই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে আগামী ২৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণীতে জানা যায়, গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে লুৎফর রহমান নয়নের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২০ অক্টোবর ওই তরুণীকে নয়ন শহরের গাইটাল এলাকায় জুয়েল রানা নামের এক বন্ধুর বাসায় নিয়ে যান। সেখানে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। মেয়েটি কান্নাকাটি করলে নয়ন তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। চলতি বছরের জানুয়ারি মাসে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি জানতে পেরে নয়নকে জানান। গর্ভের সন্তান নষ্ট করলে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবেন বলে নয়ন জানায় ওই তরুণীকে। প্রতিশ্রুতিতে রাজি হলে নয়ন তাকে ট্যাবলেট খাইয়ে গর্ভপাত করান। এরপর থেকে বিয়ের জন্য বলা হলে এড়িয়ে যান নয়ন।
