হোম অন্যান্যসারাদেশ পাওনা টাকা দেওয়ার কথা বলে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

পাওনা টাকা দেওয়ার কথা বলে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পলাশ (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ কামারখন্দ উপজেলার বড়পাকুরিয়া গ্রামের মো. পাসানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে যমুনা রেলসেতু প্রকল্পে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে পলাশের কাছ থেকে ২০ হাজার টাকা নেন তার খালু শ্বশুরের ছেলে জুয়েল। দীর্ঘদিন পর সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে শুক্রবার সন্ধ্যায় পলাশের শ্বশুর তাকে ফোন করেন। পরে পলাশ তার শ্বশুর ও স্ত্রীর ভাইয়ের সঙ্গে সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামে খালু শ্বশুরের বাড়িতে যান।

পলাশের স্ত্রী মাহমুদা খাতুন অভিযোগ করেন, বৈঠকে টাকার হিসাব-নিকাশ নিয়ে আলোচনা শেষে জুয়েল ও তার ভাগনে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে পলাশের শরীরে আঘাত করে।

নিহতের মা সুমি বেগম বলেন, শুক্রবার সন্ধ্যায় পলাশের শ্বশুর তাকে শ্বশুরবাড়িতে যেতে বলেন। পরে সেখান থেকে তাকে খালু শ্বশুরের বাড়িতে নেওয়া হয়। সেখানে দেনদরবার শেষে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জামতৈল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হুকুম আলী জানান, পাওনা টাকা ফেরতের কথা বলে পলাশকে খালু শ্বশুরের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তার স্ত্রীর খালাতো ভাই জুয়েল ও তার ভাগনে হৃদয় তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন