হোম শ্যামনগর শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলামের মর্মান্তিক মৃত্যু 

শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলামের মর্মান্তিক মৃত্যু 

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

আব্দুল্লাহ আল মামুনঃ
সাতক্ষীরার শ্যামনগরে প্রকৃতির নির্মম রোষে ঝরে গেল এক সংগ্রামী জেলের জীবন। জীবিকার সন্ধানে নদীর বুকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন মো. নুর ইসলাম (৫০) নামে এক জেলে।
শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর পুত্র।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরের স্বাভাবিক কর্মব্যস্ততায় নুর ইসলাম একটি ছোট নৌকায় নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ করেই আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ। মুহূর্তের মধ্যে বজ্রের প্রচণ্ড গর্জনের সঙ্গে নেমে আসে ভয়ংকর বজ্রপাত। আশপাশের জেলেরা দেখতে পান, নুর ইসলামের নৌকা থেকে ধোঁয়া উড়ছে। শঙ্কিত সহকর্মীরা দ্রুত সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।
পরে একটি ট্রলারে করে তাকে হরিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। গ্রাম্য চিকিৎসক শিবপদ মন্ডল তাকে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, বজ্রপাতের তীব্র আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর সংবাদ পৌঁছাতেই দক্ষিণ কদমতলা গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। যে মানুষটি সকালে জীবিকার আশায় নদীতে পাড়ি জমিয়েছিলেন, বিকেলে তিনি ফিরলেন নিথর দেহ হয়ে।
নদী, জোয়ার-ভাটা আর প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে জীবন কাটানো এই জেলের আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে শোকাহত করেছে। তার বিদায়ে পরিবার হারিয়েছে একজন অভিভাবক, আর সমাজ হারিয়েছে এক পরিশ্রমী মানুষকে।
প্রকৃতির এই অপ্রতিরোধ্য শক্তির কাছে মানুষের অসহায়ত্ব যেন আবারও স্মরণ করিয়ে দিল নুর ইসলামের এই মর্মস্পর্শী মৃত্যু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন