হোম অন্যান্যসারাদেশ শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কুলিয়ারচরে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আশরাফুল ইসলাম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। আশরাফুল কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটার পর বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, গত বুধবার বিকেলে ওই শিশুকে ঘুড়ি দেখানোর কথা বলে প্রতিবেশী আশরাফুল তার ঘরে ডেকে নেন।

এ সময় তিনি ওই শিশুটিকে শারীরিকভাবে নিপীড়ন করেন। শিশুটি একপর্যায়ে চিৎকার শুরু করলে আশরাফুল ওই শিশুকে হুমকি দেন, এ ঘটনা কাওকে বললে তাকে মেরে ফেলা হবে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মা- বাবাকে ঘটনা খুলে বলে।

তার বাবা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউ.পি) চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করলে পুলিশ আশরাফুলকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এস.আই) কাজী রাকিব বলেন, অভিযোগ পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, শিশুটির মায়ের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন