হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় র‌্যাব ও পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

গলাচিপায় মাদক বিরোধী অভিযানে পটুয়াখালী র‌্যাব-৮ এর একটি দল দুই কেজি গাঁজাসহ মো. মিরাজ বয়াতি (২৫)নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

পটুয়াখালীর র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের কাচারিকান্দা গ্রামে মঙ্গলবার অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারী ওই এলাকার চান্দের হাওলা গ্রামের মো. জামাল বয়াতির ছেলে মিরাজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাচারিকান্দা গ্রামে অভিযান চালিয়ে মিরাজকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে বিশেষভাবে সংরক্ষিত দুই কেজি গাঁজা, গাঁজা পরিবহণের জন্য একটি মোটর সাইকেল, একটি মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার করা হয়। তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মিরাজের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এদিকে, গলাচিপায় ইয়াবা, গাঁজা বিক্রির টাকাসহ নিয়াজ হাওলাদার (২৬) নামে অপর আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতার নিয়াজ উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামের মৃত তোফায়েল হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার গভীর রাতে গ্রামর্দ্দন গ্রামের মোল্লার হাট বাজার থেকে গলাচিপা থানার এসআই হাসান বশির ও এএসআই দিবাকর চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়াজকে গ্রেফতার করে।

এ সময় নিয়াজের কাছ থেকে ১২০ পিচ ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন