হোম খেলাধুলা ‘আমি অবসর নিয়ে ভাবছি না’

খেলাধুলা ডেস্ক :

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। বয়স ৩৯, কিন্তু মালিকের ফিটনেস দেখে তা বোঝার উপায় নেই। এবারের আসরে পাকিস্তানের দুর্দান্ত পারফরমেন্সের পেছনে বড় ভূমিকা রাখছেন এক সময় বাতিলের খাতায় নাম পড়ে যাওয়া এই তারকা।

এমন সময় মালিকের অবসরের প্রশ্ন উঠলে উড়িয়ে দেন ১৯৯৯ সালে পাকিস্তানে অভিষেক হওয়া মালিক। প্রায় ২২ বছরের ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার বিষয়ে চুপ থাকলেও তিনি জানিয়েছেন, খুব শিগরিরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। এর আগে বিশ্বকাপ জিতে খেলা থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মালিক।

তবে এখন অবসর নিয়ে ভাবছেন না শোয়েব মালিক। মালিক বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন আমি অবসর নিয়ে ভাবছি না। আমার মনোযোগের পুরোটাই এখন বিশ্বকাপের ম্যাচগুলোতে। দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে নামিবিয়াসহ কোনো দলের সঙ্গের ম্যাচকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েই মাঠে নামবো।’

এছাড়াও পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকে নিয়ে কথা বলেছেন মালিক। মালিক বলেন, ‘বাবরের অধিনায়কত্বে উন্নতি হচ্ছে। তার সবচেয়ে ভালো দিক হলো মাঠে ব্যাটিং করার সময় অধিনায়কত্বের চাপ নেয় না। সময়ের সঙ্গে মানুষ অনেক কিছুই শেখে। আমি মনে করি, বাবরও সময়ের সঙ্গে সঙ্গে ভালো সিদ্ধান্ত নিচ্ছে।’

এদিকে পেসার হাসান আলির সমর্থনে মালিক বলেন, ‘কোনো খেলোয়াড় যদি টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ ভালো না খেলে এতে দোষের কিছুই নেই। কয়েকটি ম্যাচ দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা যায় না। হাসান একজন ফাইটার। ভালো পারফরম্যানসের মধ্য দিয়ে সে কামব্যাক করবে।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সেমি ফাইনালের অনেক কাছে পাকিস্তান। মঙ্গলবার (২ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন