মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, বাস্তবায়ন কৌশল এবং শিশুদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজোনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন, সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান, বিশেষ অতিথি ছিলেন এস আই মনজির হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, মেডিকেল টেকনোলজিস্ট নার্গিস আক্তার প্রমূখ। উপস্থাপনা করেন পরিসংখ্যানবিদ মোঃ আবু তাহের। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মী এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। তাই নির্ধারিত দিনে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি।
