জসিম উদ্দিন:
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোথাও কোনো নকল ব্যালট পেপার বা সিল তৈরি করা হচ্ছে কিনা, সে বিষয়ে সবাইকে কড়া নজর রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মোংলা পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক সংঘ মাঠ প্রাঙ্গণে এসে পথসভায় মিলিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার দেখে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনবিচ্ছিন্ন অপশক্তি এখন চোরাগোপ্তা পথে ব্যালট জালিয়াতির চেষ্টা করতে পারে। তাই ভোটারদের ভোটাধিকার রক্ষায় প্রতিটি কেন্দ্রে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ কেন্দ্র পাহারা দিয়ে ভোট সম্পন্ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না।
পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখা এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তবে কোনো বাধাই ধানের শীষের বিজয় রুখতে পারবে না।
