মোংলা প্রতিনিধি :
মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮৫০ মেট্রিক টন ডেপ সার নিয়ে ডুবে যাওয়া লাইটার জাহাজ এম ভি দেশ বন্ধুকে জরুরি ভাবে উত্তোলনে মালিক পক্ষকে নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সাথে ডুবে যাওয়া জাহাজ থেজে দ্রুত সার অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখর উদ্দিন শনিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজই এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশ বন্ধু লাইটার জাহাজের ঢাকাস্থ মালিক কাজী নজরুল ইসলামকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন উল্লেখ করেন – জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বন্দরের নৌ চ্যানেল থেকে জরুরি ভিত্তিতে ” দ্য রিমুভেবল অব ওয়ার্ক এন্ড অবজ্যাকশন ইন ইনল্যান্ড নেভিগেভল ওয়াটারওয়েস রুলস” ১৯৭৩ আইনের ১১ ধারা মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে দূর্ঘনাস্থল থেকে জাহাজটি উদ্ধার করতে হবে।
এসময়ের মধ্যে মালিকপক্ষ তা উদ্ধারে ব্যর্থ হলে বন্দরের নিজস্ব ব্যাবস্থাপনায় জাহাজটি উদ্ধার করবে। তবে এর জন্য বন্দর কর্তৃপক্ষকে মালিকপক্ষ সম্পূর্ণ আর্থিক খরচ দিতে না পারলে জাহাজটি নিলামে তুলবে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, একই সাথে আগামী তিনদিনের মধ্যে ডুবে যাওয়া ওই জাহাজ থেকে ডেপ সারও অপসারণ করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের ডিসিপ্লিন অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, পশুর নদীতে ডুবে যাওয়া জাহাজ থেকে ডেপ সার এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ইউরিয়া ও টিএসপি মিশ্রনে তৈরি হয় ডেপ সার। এই ডেপ সার অতিমাত্রায় দূষন তৈরি করে। যার ফলে ব্যাকটেরিয়া ও অনুবিক্ষনিক জীবানু বেড়ে জলজ প্রাণীর রোগ তৈরি হবে।
এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়া উচিত ছিল বলে জানান তিনি।
শুক্রবার (৮ অক্টোবর) পশুর নদীতে ডেপ সার নিয়ে ডুবে যায় লাইটার জাহাজ দেশ বন্ধু। এটি উত্তোলনে ১৫ দিনের মধ্যে নির্দেশের অনুলিপি এরই মধ্যে সুন্দরবন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কোস্টগার্ড, নেভী, পরিবহন মালিক সমিতি, বার্থ এন্ড শিপ অপারেটর এ্যাসোসিয়েশন ও মোংলা থানাকে দিয়েছে মোংলা বন্দর।
