হোম জাতীয় সাড়ে সাত কোটি টাকার ক্রিস্টাল আইসসহ আটক ১

জাতীয় ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে সাড়ে সাত কোটি টাকা মূল্যের দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে টেকনাফের গোদারবিল বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আব্দুল মজিদ (২০)। তিনি টেকনাফের মধ্যম গোদারবিল এলাকার হোছেন আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি টহল দল উপজেলার গোদারবিল বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থান নেয় এবং কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এরমধ্যে এক ব্যক্তি মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। তাকে আটকের জন্য বিজিবি ধাওয়া করলে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে গোদারবিল এলাকার একটি তিনতলা বাড়িতে আশ্রয় নেয়। পরে বিজিবি সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান চালিয়ে পলায়নপর ব্যক্তিকে আটক করে। এ সময় তল্লাশি করে তার কাছে থাকা দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে সাত কোটি টাকা।

এ বিষয়ে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, আটক মাদক ব্যবসায়ীকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন টেকনাফ সীমান্তের দায়িত্বভার গ্রহণের পর থেকে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, মানবপাচারসহ সীমান্তে সংঘটিত সকল প্রকার সীমান্ত অপরাধসমূহ প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন