হোম জাতীয় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

জাতীয় ডেস্ক :

শিক্ষা সংক্রান্ত সমসাময়িক নানা বিষয়ে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির। তবে শারীরিক অসুস্থতা বোধ করায় শিক্ষামন্ত্রীর এ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) তার নিজ মন্ত্রণালয় এ কথা জানায়। বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, মৌসুমি ফ্লুর কারণে কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করছেন শিক্ষামন্ত্রী। এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন ২০২০ এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তার ওপরে পাঠদান শেষে পাবলিক পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা আন্দোলন করলেও এই সিলেবাস আর সংক্ষিপ্ত করা সম্ভব নয়।

বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে ২০২১ ও ২২ সালের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে। এতে করে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। সে কারণে নেগেটিভ নিউজের পাশাপাশি পজিটিভ নিউজকে গুরুত্ব দিয়ে তা প্রকাশ করতে হবে। মানুষ সকালে ঘুম থেকে উঠে পজিটিভ নিউজ পড়লে তার দিনটি ভালো কাটবে, দিনে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন