মনিরামপুর (যশোর)প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে যশোরের মনিরামপুরে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। দিনটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার সকালে জাতীয় সংগীত ও বর্ষবরণের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলার ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরে মনিরামপুর পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে বটতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দেওয়ান আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার ওসি রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা৷ এ্যাড মকবুল ইসলাম, মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় মনিরামপুরবাসী।
