নড়াইল অফিস :
নড়াইলে মাদক মামলায় মো. জাহাঙ্গীর আলম ও আব্দুল হাকিম গাজী নামের দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলী (গুচ্ছগ্রামে) গ্রামের আনসার গাজীর ছেলে মো. জাহাঙ্গীর আলম ও একই গ্রামের মৃত হায়াত আলী গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের আগস্ট মাসের ৭ তারিখ বিকালে নড়াইল সদর উপজেলার আবাদ গ্রামে যশোর-নড়াইল সড়কে যানবাহন তল্লাশী চালায় নড়াইল ডিবি পুলিশের একটি দল। এসময় যশোর থেকে আসা একটি ইঞ্জিনচালিত আলমসাধু তল্লাশী করে।
চালক জাহাঙ্গীর আলম ও সাথে থাকা আব্দুল হাকিমকে জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়ীতে ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। তখন তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ীর বডির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২২৫ বোতল (১২২.৫ কেজি) ফেনসিডিল উদ্ধার করে।
পরবর্তীকালে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্ঘ আট বছর শুনানি শেষে মামলায় ০৯ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত।
