জাতীয় ডেস্ক :
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিস্ময়কর উন্নয়নের ট্রেন সামনের দিকে এগিয়ে গেলেও বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে। অন্যদিকে উন্নয়নের সুফল মানুষ ভোগ করতে পারছে না।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট উন্নয়নের সুফল ঘরকাটা ইঁদুরের মতো খেয়ে ফেলছে। একদিকে ক্ষমতাবাজী দলবাজির গুন্ডাতন্ত্র আরেক দিকে দুর্নীতির সিন্ডিকেট আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করছে। এই পরিস্থিতিতে জঙ্গী দমনের মতো দুর্নীতির সিন্ডিকেট ও গুন্ডাতন্ত্রকে কঠোর হস্তে দমনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে অবস্থিত শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের প্রাক্কালে তিনি সময় সংবাদকে এসব কথা বলেন।
পরে তিনি জেলা জাসদের সভাপতি সেলিম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু আরও বলেন, গণতন্ত্রের নামে রাজাকারদের, জঙ্গিদের, খুনিদের হালাল করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশের সংবিধানকে উড়িয়ে দিতে চায়, জাতির পিতাকে মানে না, ত্রিশ লাখ শহীদ মানে না, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় না তারা বাংলাদেশের কেউ না।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান। বাংলাদেশ ভালো লাগে না থাকার দরকার কি। তিনি এখনও পাকিস্তানের ট্রেনেই অবস্থান করছেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, আব্দুল্লাহিল কাইয়ুম, নইমুল আহসান জুয়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমদাদুল হক এমদাদসহ জেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎকে সভাপতি এবং তৌহিদুল ইসলাম বকসী ঠাণ্ডাকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
