মোংলা প্রতিনিধি :
দূর্ণীতি, অসদাচরণ ও পলায়নের দায়ে মোংলা বন্দরের সাবেক এক প্রভাবশালী সিবিএ নেতাকে চাকরি থেকে বরখাস্ত করতে শোকজ করা হয়েছে। ওই নেতা কাজী খুরশীদ আলম পল্টু বন্দরেরর হারবার বিভাগের শিপমুভমেন্ট এ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন।
গত ৯ জুন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯১ এর ৩৯ (খ) ৩৯ (গ) বিধান অনুযায়ী বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম স্বাক্ষরিত এই শোকজ আদেশ প্রেরন করেন।
শোকজ আদেশের বিষয়টি অভিযুক্ত কাজী খুরশীদ আলম পল্টু স্বীকার করে বলেন, তিনি গত ১৭ জুন এ আদেশ কপি হাতে পেয়েছেন। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থনে ব্যক্তিগত শুনানিতে অংশ নেবেন বলেও পল্টু জানান।
বন্দর কর্তৃপক্ষের প্রশাসন সুত্র থেকে জানা যায়, হারবার বিভাগের শিপমুভমেন্ট এ্যাসিস্ট্যান্ট ও সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী খুরশীদ আলম পল্টু (আইসি নম্বর-২৬৩৩) বন্দর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর তার্কিশ এয়ারলাইন্সের টি কে ০৭১৩ ফ্লাইটযোগে ইতালি যান। পরবর্তীতে চার মাস ২৯ দিন সেখানে অবস্থানের পর ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন।
বিদেশে অবস্থানের বিষয়টি গোপন রেখে আবার চাকরিতে যোগদানে বন্দর কর্তৃপক্ষের নজরে আসলে তাকে চাকরি বিধিমালায় পলায়ন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য করে। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বন্দর কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি পল্টুর আত্মীয় আসমা সুলতানার নামে বন্দর কর্তৃপক্ষের স্মৃতিস্তম্ভের পিছনে ৮৩ দশমিক ৬৫ বর্গমিটার জমি ভূমি বরাদ্দ নীতিমালা ১৯৯৭ এর ধারায় লঙ্ঘনের প্রমান পায়।
প্লটুর বিরুদ্ধে সিবিএর সাধারণ সম্পাদক থাকাকালীন ১০১৮ সালে খুলনাস্থ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা চলাকালে দলবলসহ সেই স্কুলে হামলা চালানো এবং তৎকালীন চেয়ারম্যানসহ সেখানে উপস্থিত উর্ধ্বতন কর্মকর্তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করায় অসদাচরণের অভিযোগেরও প্রমান মেলে। এ ঘটনায় পল্টুর বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।
গোপনে বিদেশ যাত্রা, দূর্ণীতি ও হামলা এবং কর্মকর্তাদের গালিগালাজের দায়ে তদন্ত কমিটির প্রতিবেদনে হারবার বিভাগের শিপমুভমেন্ট এ্যাসিস্ট্যান্ট কাজী খুরশীদ আলম পল্টুকে অভিযুক্ত করা হয় জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম শনিবার (১৯ জুন) বলেন, বন্দরের প্রবিধানমালার বিধান মোতাবেক তাকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না তা জানতে শোকজ করা হয়েছে। দশ কার্যদিবসের মধ্যে (শুক্র ও শনিবার) ব্যতিত এই শোকজের জবাব চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
বন্দর কর্তৃপক্ষের এই প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, কাজী খুরশীদ আলম পল্টু তার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে জবাব দিতে পারবেন, তবে জবাব সন্তোষজনক না হলে গঠিত নতুন কমিটির তদন্তের প্রতিবেদনের আলোকে তাকে বরখাস্ত করা হবে।
