হোম ফিচার মণিরামপুরে ৩২ শিক্ষকের রমরমা কোচিং বাণিজ্য, করোনাকালীন সরকারি নির্দেশনা উপেক্ষা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

রমরমা কোচিং বাণিজ্য চলছে যশোরের মণিরামপুরে। সকাল হলেই পৌর শহরের রাস্তায় যেন মিলন মেলা শিক্ষার্থীদের। পিঠে বই বহনের ব্যাগ নিয়েই বের হচ্ছে বাড়ি থেকে। এসব শিক্ষার্থীরা সবই কোচিং সেন্টারমুখি। করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটির পাশাপাশি কোচিং সেন্টার বন্ধ থাকার নির্দেশনা থাকার পরও এক শ্রেণির শিক্ষকরা নিয়মিত কোচিং বাণিজ্যে লিপ্ত রয়েছেন।

মণিরামপুর পৌর শহরের বিভিন্ন স্পটে এ বাণিজ্য করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষক। উপজেলা প্রশাসনের নাকের ডগায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে হরহামেশা এ কার্যক্রম চললেও দেখার যেন কেউ নেই?

খোঁজ খবর নিয়ে জানা গেছে, কোচিং বাণিজ্য এসব শিক্ষকদের মধ্যে রয়েছেন ইংরেজি বিষয়ে মণিরামপুর সরকারি কলেজের মোস্তাফিজুর রহমান, মনোহরপুর দাখিল মাদরাসার শিক্ষক ইনামুল হক, মণিরামপুর সরকারি কলেজের শিক্ষক মশিয়ার রহমান, মণিরামপুর ফাযিল মাদরাসার শিক্ষক উত্তম মন্ডল, রোহিতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ সরকার, মণিরামপুর ফাযিল মাদরাসার শিক্ষক সঞ্জয় সরকার, ঢাকুরিয়া কলেজের শিক্ষক শাহিন আলম, তালা সুভাশিনী কলেজের শিক্ষক গৌতম রায়, মণিরামপুর মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক এবং বালিয়াডাঙ্গা কলেজের শিক্ষক নুরুন্নবী।
এসব শিক্ষকরা করোনাকালীন সময়ে দীর্ঘ এক বছর শিক্ষা প্রতিষ্ঠান ছুটির সুযোগে সরকারের নির্দেশনা উপেক্ষা করে নিজেরে ইচ্ছামতো কোচিং চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে যথাযথ আইন থাকলেও তা প্রয়োগ হচ্ছে না। এছাড়াও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নামে স্বাস্থবিধি উপেক্ষা করে প্রয়োজন অপ্রয়োজনে ডেকে আনা হচ্ছে। এতে অনেক শিক্ষার্থীসহ অভিভাবকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।

এলাকা ঘুরে আরও জানা গেছে, মোস্তাফিজুর রহমান মণিরামপুর সরকারি কলেজের শিক্ষক তিনি। দূর্গাপুর গ্রামে নিজ বাড়িতেই ইংরেজি বিষয়ে শিক্ষার্থী পড়ান। শতাধিক শিক্ষার্থী প্রতিদিন তার কাছে বিভিন্ন শ্রেণির ইংরেজি বিষয়ে পড়তে আসে। মণিরামপুর মহিলা কলেজের শিক্ষক মাহামুদুল ইমরান বাবুল, পৌর শহরের গরুহাটা রোড়ের পাশেই নিজ বাড়িতে যেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সকাল থেকে রাত অবদি তার বাড়িতে শিক্ষার্থীদের পদাচারণা রয়েছে। মাহমুদুল ইমরানের কাছে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ইংরেজি বিষয়ে পড়েন।

তবে গত ঈদুল ফিতরের পর থেকে মাহমুদুল ইমরান পড়াচ্ছেন না বলে জানা গেছে। লাউড়ি মাদরাসার শিক্ষক ইনামুল কবির, মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের শিক্ষক গৌতম মন্ডল, মনোহরপুর দাখিল মাদরাসার শিক্ষক ইনামুল হক, সুবলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মহেন মন্ডল এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম নিয়মিত কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মাসিক নেন ৮০০ থেকে একহাজার টাকা করে। এসব শিক্ষকদের কেউ কেউ ১০০ থেকে দেড় শতাধিক শিক্ষার্থীকে পড়ান।

গণিত বিষয়ে পড়াচ্ছেন মণিরামপুর সরকারি কলেজের শিক্ষক মশিয়ার রহমান, মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুস সবুর, ফজলুর রহমান, রোহিতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ সরকার, মণিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ধিমান রায়, ফাযিল মাদরাসার শিক্ষক উত্তম মন্ডল। পদার্থ বিষয়ে পড়াচ্ছেন মণিরামপুর ফাযিল মাদরাসার শিক্ষক সঞ্জয় সরকার। রসায়ন বিষয়ে পড়াচ্ছেন ঢাকুরিয়া কলেজের শিক্ষক শাহিন আলম, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক নমিতা মন্ডল এবং মণিরামপুর ফাযিল মাদরাসার শিক্ষক সুকুমার রায়।

জীববিজ্ঞান বিষয়ে পড়াচ্ছেন তালা সুভাশিনী কলেজের শিক্ষক গৌতম রায়, মুক্তেশরী ডিগ্রি কলেজের শিক্ষক বিজন মন্ডল। আইসিটি বিষয়ে পড়াচ্ছেন মণিরামপুর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক মাহমুদ, বিএম আব্দুল হালিম, তালা সুভাশিনী ডিগ্রি কলেজের শিক্ষক পিন্টু। হিসাব বিজ্ঞান বিষয়ে পড়াচ্ছেন বালিয়াডাঙ্গা কলেজের শিক্ষক নুরুন্নবী ও অশোক চন্দর চন্দ। বাংলা বিষয়ে পড়াচ্ছেন মণিরামপুর সরকারি কলেজের শিক্ষক আহাদ আলী এবং হাফিজুর রহমান।

খোঁজ নিয়ে আরো জানা যায়, মণিরামপুর পৌরসভাধীন মোহনপুর, দূর্গাপুর, হাকোবা এবং গাংড়া একাংশে ভগবান পাড়ায় বাসা বাড়িতে কোচিং সেন্টার বানিয়ে এসব শিক্ষকরা মাসের পর মাস কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

এসব বিষয়ে জড়িত শিক্ষকদের অনেকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের অনেকেই দাবী করেন, আপাতত পড়ানো সীমিত করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন বর্তমানে পড়ানো স্থগিত রাখা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন জানলেও প্রতিকারের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেছেন এমন নজির নেই।

উচ্চ আদালতের রিট পিটিশনের এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১২ সালের ২০ জুন এক পত্রে শিক্ষকদের কোচিং বাণিজ্য ঠেকাতে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ৭নং কলামে বলা হয়- শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি কোচিং বাণিজ্যরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া পরিপত্রে ১৪নং অনুচ্ছেদে বলা হয়েছে, কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসন সেই শিক্ষকের এমপিও বাতিল অথবা এমপিও বন্ধ করার ক্ষমতা রাখে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জারিকৃত পরিপত্রে এমন আদেশ থাকলেও মণিরামপুর উপজেলা প্রশাসন এসব কোচিং বাণিজ্য ঠেকাতে আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেছেন এমন নজির নেই।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দর সরকার বলেন, বহুবার চেষ্টা করা হয়েছে কোচিং বাণিজ্য ঠেকাতে। তিনি আরো বলেন, করোনা এবং লকডাউনের কারণে অফিস ঠিকমত করা সম্ভব হয় না। এছাড়াও কিছু শিক্ষক এমন কর্মকা-ে জড়িত থাকতে পারেন। তবে খুব শিগগির কোচিং বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন