হোম খেলাধুলা দ. আফ্রিকার বিপক্ষে টাইগার একাদশে চমক

খেলাধুলা ডেস্ক :

সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচ হেরে মিরাকল কিছু না হলে আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত টাইগারদের। এর মধ্যে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে সাকিবের বাদ পড়ার খবর। এদিকে, সাকিবের দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে তরুণ ক্রিকেটার শামীম পাটোয়ারীর জন্য।

বিশ্বকাপ থেকে ছিটকে পড়া টাইগার অলরাউন্ডারের জায়গায় বাংলাদেশের একাদশে প্রথমবারের মতো সুযোগ পেতে যাচ্ছেন শামীম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবারের (২ নভেম্বর) ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে শামীমের। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে নিশ্চিত করেছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। পাশাপাশি ধারাবাহিকভাবে ব্যর্থ সৌম্য সরকারেরও একাদশে টিকে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। থাকছেন লিটন কুমার দাসও।

চলমান বিশ্বকাপ থেকে সাইফউদ্দিনের পর আসর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শঙ্কা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে ঘিরেও। তবে শেষ পর্যন্ত তিনিও খেলতে পারবেন না বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে একাদশ সাজানোটাই কঠিন হয়ে যাচ্ছে নির্বাচকদের জন্য।

তাইতো প্রশ্ন উঠেছে, ব্যাকআপ ক্রিকেটার রাখার সুযোগ থাকার পরেও, কেন তা করেনি টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা প্রোটিয়ারা, টানা দুই ম্যাচ জিতে বাঁচিয়ে রেখেছে সেমির স্বপ্ন। তবে সে জন্য চাই এ ম্যাচে জয়। মুখোমুখি দু’দলের এর আগের ৬ দেখায়, শতভাগ জয় আছে দক্ষিণ আফ্রিকার।

সুপার টুয়েলভে নিজেদের ৪র্থ ম্যাচে মঙ্গলবার (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেলেও এখনো বাকি থাকা দুই ম্যাচ জিতে শেষটা রাঙানোর স্বপ্ন ছিল টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদের। তবে দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের বাদ পড়ার খবরে বড় ধাক্কা খেয়েছে সেই স্বপ্নও।

গ্রুপপর্বে যে দুই ম্যাচ বাংলাদেশ জয় পেয়েছিল। সেই দুই ম্যাচেই সাকিবের ব্যাটে-বলে ভর করেই বাছাইপর্বের বৈতরণী পার করেছিল লাল-সবুজ বাহিনী। তবে সুপারটুয়েলভে বল হাতে সাফল্য পেলেও ব্যাট হাতে ছন্দে নেই সাকিব। এদিকে, দলও পার করছে ইতিহাসের খারাপ সময়।

ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর অনেক আশা নিয়ে মরুর বুকে বিশ্বকাপ খেলতে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু দলের ভরাডুবিতে বলতে গেলে এখন নিঃস্ব বাংলাদেশ ক্রিকেট দল। পেছনে তাকানোর আর কোনো জায়গা নেই। তারপরও আশা না ছেড়ে সুপার লিগে অন্তত একটা জয় নিয়ে দেশে ফিরতে চান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন