হোম আন্তর্জাতিক বাংলাদেশ-ভারত সীমান্তে ৪১ কেজি সোনা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় সাড়ে ৪১ কেজি সোনার বিস্কুট উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ২১ কোটি ২২ লাখ রুপি। তবে এই ঘটনায় বিস্কুট পাচারকারীদের গ্রেফতার করা যায়নি।

একটি নৌকায় করে একদল পাচারকারী ব্যাগে ভরে এই সোনার বিস্কুট পাচারের চেষ্টা করছিল। বাংলাদেশ সীমান্ত থেকে এতো সংখ্যক সোনার বিস্কুট সাম্প্রতিক সময়ে উদ্ধার হয়নি।

বিএসএফ সূত্র জানিয়েছে, উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গুনারমাথ এলাকা সীমান্তের জিরো পয়েন্ট ঘেঁষা নৌপথ দিয়ে একটি ডিঙি নৌকা দিয়ে একদল পাচারকারি বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতের প্রবেশ করবে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১৫৮ নম্বর ব্যাটিলিয়নের সদস্যরা এমন গোপন সংবাদ পায়। সেই তথ্য পেয়ে বিএসএফ গোয়েন্দা দল সেখানে ওঁৎ পেতে ছিলেন।

বিএসএফ গোয়েন্দা দল একদম কাছে এসে পৌঁছলে নৌকার দিকে তারা এগিয়ে যান। এ সময় নৌকা থেকে পাচারকারী দল ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। তবে নৌকার মধ্যে বেশ কয়েকটি ব্যাগ উদ্ধার করে। সেখানে থেকেই ব্যাগের মধ্যে বাংলাদেশি একটি দৈনিকপত্রিকার মোড়কে ৩২১ টি সোনার বিস্কুট, চারটি সোনার বার, একটি সোনার কয়েন ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে।

শুক্রবার (২২ জুলাই) বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা এটিই সবচেয়ে বড় একক সোনা চোরাচালান জব্দের ঘটনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন