নড়াইল অফিস :
চাঁদা না পেয়ে নড়াইলের বিশিষ্ট ব্যবসায়ী মুজিবরকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় দু্ই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ এপ্রিল বিকেলে সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয। গ্রেপ্তার কৃতরা পৌরসভার দূর্গাপুর এলাকার ছমির মোল্যার পূত্র তরিকুল ইসলাম (২২) এবং ভওয়াখালী নতুন পাড়া এলাকার ইলাহী মোল্যার পূত্র কাদের মোল্যা (২২)। এ ঘটনায় আহত মুজিবর রহমান বাদি হয়ে ৬ জনকে আসামি করে শুক্রবার (৯ এপ্রিল) সদর থানায় একটি মামলা করেন। পুলিশ জানায়, শহরের বেতবাড়িয়া এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী মুজিবর রহমানের কাছে মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ৬ জনের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তারা ১লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় মুজিবর টাকা দিতে অস্বীকার করায় তাকে ডান হাটুর নীচে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করে। পরে ক্যাশবাক্স থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আহত মুজিবরকে প্রথমে সদর হাসপাতাল পরে যশোর বেসরকারি পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। শনিবার (১০ এপ্রিল) তার ডান হাটুর নীচ থেকে কেটে ফেলতে হয়েছে বলে স্বজনরা জানিয়েছে। পুলিশ সুপার প্রবির কুমার রায় জানান, আসামী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে পুলিশের কাছে মুজিবরকে গুলি ও কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছে।
