হোম আন্তর্জাতিক আফগানিস্তানে খাবার যোগাতে শিশুকন্যাকে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে অর্থনৈতিক সংকট মোকাবিলায় ক্ষুধার্ত পরিবারগুলো তাদের সন্তানদের বিক্রি করে দিচ্ছে।

তালেবান দেশটিতে ক্ষমতায় আসার পর বিদেশি তহবিল বন্ধ হয়ে গেছে। এতে বিপর্যয়ের কিনারে গিয়ে ঠেকেছে আফগান অর্থনীতি।

হেরাতের বাইরে একটি গ্রামে ভ্রমণে গিয়েছিলেন বিবিসির সাংবাদিক ইয়োগিটা লিমিয়া। সেখানে এক মায়ের সঙ্গে তার কথা হয়েছে। সন্তানদের খাবারের অর্থ পরিশোধ করতে পাঁচশ ডলারের বিনিময়ে নিজের শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন তিনি।

এক অজ্ঞাত ব্যক্তি তার কাছ থেকে শিশুটিকে কিনে নিয়েছেন। নিজের ছেলের সঙ্গে বিয়ে দিতে মেয়েটিকে তিনি বড় করতে চাচ্ছেন বলে কিনে নিয়েছেন। কিন্তু তার এই উদ্দেশ্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

ওই মা বিবিসিকে বলেন, ক্ষুধায় আমার শিশুরা মারা যাচ্ছিল। এতে আমার কন্যা শিশুকে বিক্রি করে দিতে হয়েছে। তাকে বিক্রি করায় কেন আমার বুক ফেটে যাবে না? সে আমার মেয়ে। কোনো মা-ই তার মেয়েকে বিক্রি করে দিতে চায় না।

আফগানিস্তানে মানবিক সংকট ঘনিয়ে আসতে থাকায় এভাবে অনেক পরিবারই বিয়ের নামে শিশুদের বিক্রি করে দিচ্ছে। ক্ষুধার কারণে পরিবারগুলো এমন হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।

বাদগিসের মানবাধিকারকর্মী মোহাম্মদ নাঈম নিজাম বলেন, দিন দিনই এমন পরিবারের সংখ্যা বাড়ছে, যারা সন্তান বিক্রি করে দিচ্ছে। খাবারের অভাবে, কাজের অভাবে পরিবারগুলো এ কাজ করা ছাড়া উপায় নেই বলে বোধ করছে।

আবর্জনা কুড়িয়ে উপার্জন করেন বিক্রি হওয়া সন্তানটির বাবা। বর্তমানে তাকে রোজগারের জন্য লড়াই করতে হচ্ছে। যে কারণে মেয়েটিকে বিক্রি করে দেওয়ার কোনো বিকল্প তাদের সামনে ছিল না।

তিনি বলেন, আমরা ক্ষুধার্ত। এখন আমাদের কাছে কোনো ময়দা কিংবা তেল নেই। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। ভবিষ্যৎ নিয়ে আমার কন্যার কোনো ধারণা নেই। তার অনুভূতি সম্পর্কে আমরা কিছুই জানি না।

বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে রয়েছে আফগানিস্তান। জাতিসংঘ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, জরুরি ত্রাণ সহায়তা দেশটিতে না পৌঁছালে মারা যাবে লাখ লাখ মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন