জাতীয় ডেস্ক :
এবার দাম বাড়ল ভর্তুকি মূল্যে বিক্রি করা টিসিবির পণ্যের। প্রতি লিটার সয়াবিনের দাম ১০ ও মসুর ডালে ৫ টাকা বাড়িয়েছে সরকারি এই বিপণন সংস্থাটি।
বাজারমূল্যের সঙ্গে দামের পার্থক্য বেশি হলে অসাধুদের তৎপরতা বাড়ে দাবি করে, ভোক্তাদের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (৩ নভেম্বর) থেকে কার্যকর হবে নতুন দাম।
ভোগ্যপণ্যের দাম বাড়ার দৌড়ে যখন নাভিশ্বাস ভোক্তাদের, তখন অনেকটাই সাশ্রয়ী হয়ে ডাল, তেল, চিনি ও পেঁয়াজ নিয়ে ক্রেতাদের কাছে আসে টিসিবির ট্রাক। তবে, এবার ভর্তুকি মূল্যে বিক্রি করা সেই পণ্যেরও দাম বাড়ালো সরকারি এই বিপণন সংস্থাটি।
সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধার্য করা হয়েছে ১১০ টাকা। গত মাসে যা ছিল ১০০ টাকা। বাড়ানো হয়েছে মসুর ডালের দামও। কেজিতে ৫ টাকা বাড়িয়ে এই নিত্যপণ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। তবে, চিনি ও পেঁয়াজ বিক্রি করা হবে আগের দামেই। অর্থাৎ প্রতি কেজি চিনি ৫৫ ও পেঁয়াজ বিক্রি হবে ৩০ টাকা কেজি দরে।
দাম বাড়ানোর কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অসাধু তৎপরতা বন্ধ করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
বুধবার থেকে নতুন দামে দেশব্যাপী ৪শ’ সাড়ে ৪শ’ ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে। চলবে আগামী ২৮ তারিখ পর্যন্ত। তবে, প্রতি শুক্রবার বন্ধ থাকবে এই বিক্রি কার্যক্রম।
