জাতীয় ডেস্ক :
রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন তিনি।
সোমবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে তাকে উদ্ধারের পর বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্র জানান, খবর পেয়ে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের পাশে যাতায়াত পরিবহনের বাসের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। বাসটি কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসে। বাসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। বাসটি যখন গুলিস্তানে তাদের শেষ স্টপেজে এসে থামে তখন সব যাত্রী বাস থেকে নেমে যান। এরপর বাসের স্টাফরা বাসের ভেতরে পরিষ্কার করতে গেলে একেবারে পেছনের সিটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। তখনই তারা থানায় খবর দেন।
তিনি আরও জানান, তার পকেটে মানিব্যাগ ছাড়া তার সঙ্গে আর কিছু পাওয়া যায়নি। মানিব্যাগে জাতীয় পরিচয় পত্র থেকে তার নাম বিল্লাল হোসেন, বাবার নাম আব্দুল্লাহু আর বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বরাটিরচর পাড়া গ্রামে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে বাসের ভেতর তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন তিনি। ঢাকা মেডিকেলে নেয়ার পর স্টোমাক ওয়াশ করিয়ে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।
