আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের বিহার রাজ্যের সারন জেলার ছাপরায় এক আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে মজুত করা আতশবাজিতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববারের (২৪ জুলাই) এ দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিস্ফোরণের আঘাতে ওই বাড়ির একটি অংশ ধসে পড়ে। এর পরপরই বাড়ির বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ে।
সারনের পুলিশ সুপার সন্তোষ কুমার বার্তা সংস্থা এএনআইকে জানান, ছাপরায় একটি বাড়িতে আতশবাজি মজুত করা ছিল। হঠাৎই সেই আতশবাজিতে আগুন লেগে বিস্ফোরণ হয়। আর এতেই বাড়িটি ধসে পড়েছে। বিস্ফোরণে ওই বাড়ির ছয় বাসিন্দার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আট।
স্থানীয়রা জানান, ওই বাড়ির ভেতরেই একটি কারখানা তৈরি করে আতশবাজি প্রস্তুত করা হতো। আগুন লাগার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে আতশবাজি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পুলিশ জানায়, বিস্ফোরণের পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকেও ডাকা হয়েছে।
