হোম ফিচার জনগণকে ধোঁকা দিচ্ছে বিএনপি: হানিফ

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনগণকে ধোঁকা দিয়ে সরকারের বিরুদ্ধে উস্কে দেয়ার চেষ্টা করছে বিএনপি। অন্যায়ভাবে আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে কটূক্তি করা হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মদ মন্নাফিকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কটূক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি দুর্নীতিবাজ দল। জনগণের টাকায় লন্ডনে বসে ভোগবিলাস করছেন তারেক রহমান। আর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে দেশকে ধ্বংস করেছিল। এখন বাংলাদেশ যাতে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যায় সেটাই চান তারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জঙ্গিদের পৃষ্ঠপোষক বিএনপি। সরকারের বিরুদ্ধে কথা বলার কিছু নেই তাদের। তাই তারা মিথ্যাচারে লিপ্ত হয়েছে। ‘৭১ পরাজয়ের প্রতিশোধ নিতেই সুযোগ পেলেই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কটূক্তি করে। যারা কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামায়াতের অশুভ রাজনীতিকে প্রতিহত করা হবে। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। সন্ত্রাসীদের রাজপথে নামতে দেয়া হবে না।

তিনি বলেন, দুর্নীতিবাজদের রাজনীতি বাংলাদেশে করতে দেবে না আওয়ামী লীগ। যারা সন্ত্রাসের ভাষায় কথা বলে তাদের জিভ কেটে নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন