বাণিজ্য ডেস্ক :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) টানা ৫ কার্যদিবস সূচকের বড় পতন হয়েছে। সোমবার (১৮ জুলাই) ডিএসই’র পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমে ৬ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমেছে।
এদিন ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন কমেছে। আজ ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এটি আগের কার্যদিবসের তুলনায় ৭৮ কোটি টাকা কম। সেদিন ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১২টির দর বেড়েছে, ৩৫৮টির দর কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ক্ষেত্রে শীর্ষ থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ডেল্টা লাইফ, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সু, গ্রামীণফোন, অরিয়ন ইনফিউশন, কেডিএস অ্যাসোসিয়েটস, তিতাসগ্যাস, বিএটিবিসি, অরিয়ন ফার্মা ও এইচ আর টেক্সটাইল।
এছাড়া দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪২ পয়েন্ট কমে ১৮ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার লেনদেন হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির শেয়ার দর বেড়েছে, ২৬০টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
