জাতীয় ডেস্ক :
স্বপ্ন জয়ের পদ্মা সেতুর সড়কপথের পর এখন রেলপথ চালু করতে রেললাইন বসাতে পদ্মা সেতুর নিচতলা রেল কর্তৃপক্ষের কাছে রোববার (১৭ জুলাই) হস্তান্তর করা হবে।
শনিবার (১৬ জুলাই) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক নম্বর সার্ভিস এরিয়া সভাকক্ষে সেতু কর্তৃপক্ষের সঙ্গে দেশি-বিদেশি প্রকৌশলীদের নিয়ে রেল লিঙ্ক প্রকল্পের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সেতুর সড়ক পথ চালু রেখেই পাথরবিহীন রেল ট্র্যাক বসানো হবে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো.আব্দুল কাদের বলেন, যানবাহন চলাচলের জন্য যে ভাইব্রেশন সৃষ্টি হয় তা নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে। এজন্যে রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য কোনো অসুবিধা হবে না এবং আমাদের যানবাহন বন্ধের কোনো প্রয়োজন হবে না।
মাওয়া রেললিঙ্ক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার আবু সাঈদ বলেন, আমরা কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা ছয় মাসের টাইমলাইন দিয়েছি, আমরা চেষ্টা করবো তার আগে শেষ করে দেওয়ার জন্য।
রেল সংযোগ প্রকল্প পরিচালক জানান, সেতুর দুই দিক থেকে একযোগে পাথরবিহীন রেলট্র্যাক বসানোর কাজ হবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন, আমরা চাচ্ছি যে আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা। তার মানে আগামী ৫ মাসের মধ্যে আমাদের টার্গেট শেষ করা।
ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথ উদ্বোধন হয় গত ২৫ জুন। আর সেতুর রেলপথ চালুর কথা রয়েছে আগামী বছরের জুনে।
