হোম খেলাধুলা দলে ফিরেই ক্লিন বোল্ড করলেন তাইজুল

খেলাধূলা ডেস্ক :

বাংলাদেশের সামনে সুযোগ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। সে লক্ষ্যে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি তামিম ইকবাল। আর তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণে শুরুতেই টাইগারদের উইকেট এনে দিলেন এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফেরা তাইজুল ইসলাম।

ক্যারিয়ারের দশম ওয়ানডে খেলেতে নেমেই জ্বলে উঠেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার নিজের প্রথম ওভারেই ফেরালেন ওপেনার ব্রেন্ডন কিংকে। এই বাঁহাতির বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন তিনি। আউট হওয়ার আগে তিনি করেন ৮ রান।

শনিবার (১৬ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ। আজ জিতলেই ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাবে টাইগাররা। এ ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগার দলপতি তামিম ইকবাল। এই ম্যাচে ৯১ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর ১০ ম্যাচ জয় পাওয়া টাইগারদের সামনে সিরিজের শেষ ম্যাচ জিতে টানা জয়ের রেকর্ডের সংখ্যা বাড়িয়ে নেয়ার হাতছানি তো আছেই।

তৃতীয় ওয়ানডের আগে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। সিরিজ জয় নিশ্চিত হওয়ায়, টিম ডিনারে অংশ নেয়া ছাড়াও ক্রিকেটাররা সেলিব্রেশন করেছেন নানাভাবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবারের মতো নির্ভার টিম বাংলাদেশ।

এর আগে সাকিবের নেতৃত্বে ২০০৯ সালে যা হয়েছিলো, এবার তামিমের হাত ধরে সেই একই পথে হাঁটতে চায় টাইগার টিম ম্যানেজমেন্টও।

উইন্ডিজের ওয়ানডে দলটা আহামরি ছিল না নিকট অতীতেও। কিন্তু তারপরও শাই হোপ, রভম্যান পাওয়েল, ব্রেন্ডন কিং, শামার ব্রুকসদের ফর্ম চিন্তায় ফেলতে পারেনি টিম ম্যানেজমেন্টকে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে কোনোভাবেই দাঁড়াতে পারছে না তারা। কি স্পিন , কি পেস টাইগার বোলারদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে উইন্ডিজ। দুই ম্যাচে অধিনায়ক নিজেও যে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে।

তবে আজও দুশ্চিন্তা বৃষ্টি নিয়ে। খেলায় বাগড়া দিতে পারে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বেরসিক বৃষ্টি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্রেন্ডান কিং, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমও পল, গুদাকেশ মোতি, আলজারি জোশেফ, আকিল হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন