হোম খেলাধুলা সাফল্যের মন্ত্র জপছেন সিডন্স

খেলাধূলা ডেস্ক :

টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মনোনিবেশ করতে চাইছে টিম বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে প্রথম দলীয় অনুশীলন সেরেছে লাল-সবুজরা। ব্যাটিং কোচ জেমি সিডন্সের পরিকল্পনা, অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলকে তৈরি করা। পাওয়ার হিটারের ঘাটতি বড় মাথাব্যাথার কারণ হলেও তা পুষিয়ে নিতে চান বোলিং আক্রমণ দিয়ে।

প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে ম্যাচ ভেন্যুতে যাওয়া হয়নি বাংলাদেশের। তাই সেন্ট লুসিয়াতেই গা গরমে ব্যস্ত থাকতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

লঙ্গার ফরম্যাটের ব্যর্থতা ভুলে এখন রঙিন পোশাকে লড়াইয়ের অপেক্ষা। যদিও টি-টোয়েন্টিতেও যাচ্ছেতাই পারফরম্যান্স বাংলাদেশের। শেষ ১০ ম্যাচে তাদের জয় মোটে একটিতে। দলে পাওয়ার হিটার আর টি-টোয়েন্টি দর্শন-দুটোরই অভাব। তবুও দলের ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী ব্যাটিং কোচ জেমি সিডন্স। পরিকল্পনা সাজাচ্ছেন, বিশ্বকাপ অথবা এশিয়া কাপের জন্য শক্ত দল তৈরি করতে।

টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, টেস্ট ভালো যায়নি, তবে আমি এখন টি-টোয়েন্টিতে মনোযোগ দিচ্ছি। টি-টোয়েন্টি দলে আমাদের নতুন কিছু খেলোয়াড় আছে। আমাদের পরিকল্পনা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অথবা ভালো খেলার জন্য দলটা তৈরি করা এবং এশিয়া কাপও আছে।

শারীরিক গঠনে পিছিয়ে থাকায় স্বাভাবিকভাবেই বড় পুঁজি তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয় টিম বাংলাদেশকে। যদিও বড় পুঁজি ছাড়াও যে এই ফরম্যাটে ভালো করা যায়, সে সমাধানটাও দিয়েছেন এই অজি মাস্টারমাইন্ড।

জেমি সিডন্স বলেন, আমাদের খুব ভালো বোলিং লাইন-আপ আছে। আমার মনে হয় না আমাদের বিশাল পুঁজি সংগ্রহ করতে হবে। আমাদের ভালো একটা রান করতে হবে। সিঙ্গেল গুরুত্বপূর্ণ, তবে বাউন্ডারি টি-টোয়েন্টিতে ম্যাচ জেতায়। বেশি বাউন্ডারি হলে বেশি ম্যাচ জেতা হয়। ছক্কার ঘাটতি পোষাতে আমাদের বেশি বেশি চার মারতে হবে, সিঙ্গেল নিতে হবে।

ম্যাচ ভেন্যুতে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবে সফররতরা। ২ জুলাই ডমিনিকায় শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ৩ ও ৭ জুলাই। এরপর তিনটি ওয়ানডে খেলবে দু’দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন