রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
মুজিবনগর দিবস মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় দিন : প্রতিমন্ত্রী স্বপনপল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
১৯৭১ সালের এই দিনে সে সময়ের মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালি জাতির ওপর হামলা চালানোর পর জাতির পিতা শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
পরে ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহম্মেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়।
প্রতিমন্ত্রী রোববার বিকেলে মণিরামপুর আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয় সম্পাদক অজিত কুমার ঘোষ।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেয়দ জাকির হাসান।
