হোম ফিচার ‘দেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনাকারীরা পাকিস্তানের প্রেতাত্মা’

রাজনীতি ডেস্ক :

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, যারা বাংলাদেশকে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে, তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা পাকিস্তানের প্রেতাত্মা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তাই মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো আপস করে না। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী।

এনামুল হক শামীম বলেন, বিএনপির মতো দুর্নীতিবাজ দলের নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা শোভা পায় না। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে দণ্ডপ্রাপ্ত। তার পলাতক ছেলে তারেক রহমান দুর্নীতির বরপুত্র হিসেবে দেশ-বিদেশে পরিচিত। তাদের মুখে দুর্নীতি বিরোধী কথায় সারা দেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

উপমন্ত্রী আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। তারা অভিমানী হয়, কিন্তু বেঈমান হয় না। দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, তবে কোনো প্রতিহিংসা থাকবে না। এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। যারা দলের জন্য নিবেদিত তারাই পদ পদবিতে স্থান পাবেন। কোনো মাদকাসক্ত, মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে হবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে।

আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে জানিয়ে এনামুল হক শামীম বলেন, স্বেচ্ছাসেবক লীগকে আরও সুশৃঙ্খল, আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দলের জন্য কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।

ফতেজঙ্গপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক টগর কাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাম মৃধার সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন আকন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন