রাজনীতি ডেস্ক :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তানকে যে তারা (বিএনপি) অনুসরণ করে এবং তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়েছিলেন দেশটাকে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে, সেটি করতে পারেননি। এখন তারা যে দেশকে পাকিস্তানি ভাবাদর্শে নিয়ে যেতে চায়, সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার বক্তব্যের মাধ্যমে খোলাসা করেছেন।
সোমবার (১১ এপ্রিল) ‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০২০’ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের পক্ষ থেকে আলাল ও দুলালরা দুদকে গেছেন। আমি মনে করি দুদক তাদের জিজ্ঞাসাবাদ করলে হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাটটা হয়েছে এবং তাদের কারণে কীভাবে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেই তথ্যটা পাবে।
তথ্যমন্ত্রী বলেন, যখন দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়নরা দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। তারা সত্যিকার অর্থে একটু নাটক করতে গেছেন।
মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় মণ্ডলের গ্রেফতার ও জামিনের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, হৃদয় মণ্ডলের জামিনে আমি সন্তোষ প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, হৃদয় মণ্ডলের পুরো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
