ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহে ওয়াজ মাহফিল দেখতে গিয়ে ছুরিকাঘাতে হুসাইন নামের যুবক নিহত। গতকাল রাতে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবক শহরের হামদহ শান্তি নগরপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, গতকাল রাতে ৫ বন্ধু মিলে সদরের মান্দারবাড়িয়া গ্রামের স্কুল মাঠে ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখানে গিয়ে জিহাদের সাথে হুসাইনের ধাক্কা লাগে ।
এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে তারা মাহফিল থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে গতিরোধ করে জিহাদসহ ১০ থেকে ১৫ জন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত ৩ যুবককে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে হুসাইন ও জুলফিকারের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে হুসাইনের মৃত্যু হয়। অপর বন্ধু আহত ফিরোজ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
