কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার কামারালী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব (৮০) আর নেই। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন(ইন্না..রাজেউন)। তিনি যুগিখালী ইউনিয়নের কামারালী গ্রামের মরহুম খোদা মোল্যার কৃতি সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে কামারালী দাখিল মাদ্রাসা মাঠে এক মরহুম ছাত্রের জানাযা নামাজে অংশ নিতে যান। পথিমধ্যে বুকে যন্ত্রণা অনুভব করলে তাৎক্ষনিকভাবে এ্যাম্বুলেন্স যোগে যশোর নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলারোয়া বিএড কলেজের অতিথি শিক্ষক আব্দুল ওহাবের মৃত্যুতে উপজেলাবাসী ও শিক্ষক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হবে বলে পারিবারিকভাবে জানা যায়।
