স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে র্যাব-৬ যশোর বিশেষ অভিযান চালিয়ে শাহিদা খাতুন (২৯) ও তানভীর মাহতাব (২৫) দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় শাহিদা খাতুনের হেফাজত থেকে ১ কেজি গাঁজা ও তানভীর মাহতাবের হেফাজত থেকে ৫০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় থানায় পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
র্যাব-৬ যশোরের পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ নুরুজ্জামান চানু বলেন, রোববার রাতে গোপন সংবাদ পেয়ে র্যাবের ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার টিটাবাজিতপুর গ্রামের থেকে মৃত মোবারক সরদারের মেয়ে মাদক কারবারি শাহিদা খাতুনকে এক কেজি গাঁজাসহ মজিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই অভিযানে খুলনা জেলার খালিশপুর থানা সদরের মৃত মনোয়ার হোসেনের ছেলে মাদক কারবারি তানভীর মাহতাবকে ৫০২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তিনি বাদী হয়ে কেশবপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন।
কেশবপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া শাহিদা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে যার নং- ৫। গ্রেফতার হওয়া অপর আসামি তানভীর মাহতাবের বিরুদ্ধে একই আইনে থানায় মামলা হয়েছে যার নং- ৬। গ্রেফতারকৃতদের সোমবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
