ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠিতে চলছে বিসিক উদ্যোক্তা মেলা। এতে অংশ নিয়েছে অর্ধশতাধিক স্টল। ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখিরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। করোনা অতিমারির কারণে অনেকদিন পর এমন আয়োজনে আসতে পেরে উৎফুল ক্রেতারা। মেলার মাধ্যমে ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তারা করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছেন আয়োজকরা।
ঝালকাঠির বিসিক শিল্পনগরী মাঠে ২৫শে নভেম্বর থেকে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। অর্ধশতাধিক স্টলে নিজেদের তৈরী পণ্য নিয়ে হাজির হয়েছে এ খাতের উদ্যোক্তারা। করোনা অতিমারির কারণে গত বছর মেলা হয়নি, তাই এবার শুরু থেকেই প্রতিদিন মেলায় প্রচুর দর্শনার্থী মেলায় আসছেন এবং তারা ঘুরে ফিরে প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। মেলায় নাগরদোলা, নৌকা এবং শিশুদের জন্য ট্রেন ও বিভিন্ন ধরনের রাইড রাখা হয়েছে।
অনেকদিন পর মেলায় আসতে পেরে উৎফুল ক্রেতারা। স্টলে স্টলে ঘুরে কিনছেন পছন্দের পণ্য। মেলায় ভালো বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা।
ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন ও ফানুস উড়িয়ে আতসবাজির মধ্য দিয়ে এই মেলার সূচনা করেন। এই সময় নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বিসিক ঝালকাঠির উপ- ব্যবস্থাপক মোঃ শাফাউল করিম উপস্থিত ছিলেন।
বিসিকের উপ-পরিচালক মো: শাফাউল করিম জানালেন, উদ্যেক্তারা যাতে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেন সে জন্যই এই আয়োজন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলা, যা চলবে ২৪ শে ডিসেম্বর পর্যন্ত।
