হোম জাতীয় সারা দেশে কুয়াশার পূর্বাভাস

জাতীয় ডেস্ক :

সারা দেশে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপমাত্রা কম থাকায় উত্তরাঞ্চলে শীতের আমেজ দেখা দিয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পরবর্তী দুই দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দিক্ষণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

ঢাকায় শুক্রবার সূর্যোদয় ভোর ৬টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন