জাতীয় ডেস্ক :
মুন্সিগঞ্জের গজারিয়ায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে।
এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ১২টায় অভিযুক্ত আমির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক আমির হোসেন উপজেলার ভবেরচরের (মধ্যপাড়া) মো. রশিদ মিয়ার ছেলে।
নির্যাতনের শিকার শিশু ও তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিশু আমির হোসেনের দোকানে ডালপুরি কিনতে গেলে তাকে ফুসলিয়ে হোটেলের ভেতরে নিয়ে মুখ চেপে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিমের রক্তপাত হতে থাকে। বিষয়টি ওই শিশু বাড়িতে গিয়ে তার মাকে জানালে শিশুটির মা মঙ্গলবার সন্ধ্যায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, ভিকটিমের মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে মামলা রুজুর ৩ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার রাত সাড়ে ১২ সময় অভিযুক্ত ধর্ষক আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ভিকটিম বর্তমানে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। গ্রেপ্তার আমির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে হয়েছে।
