কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা বিডিআর মার্কেট (বৌ বাজারে) সপ্তাহের প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমে কাপড়ের হাট। তুলনামূলক কম মূল্যে বৌ বাজারে বিক্রেতাদের কাপড় বিক্রয় ও ক্রেতাদের এখান থেকে কাপড় ক্রয় করতে দেখা যায়। পাইকারী ও খুচরা কাপড় ক্রয়- বিক্রয়ে এ বাজারটি ইতোমধ্যে অনেকের নজর কেড়েছে। দূর- দূরান্ত থেকে নারীরা ছুঁটে আসছেন ডুমরাকান্দা বৌ বাজারে তাদের পছন্দের কাপড় ক্রয় করতে।
মহিলাদের বোরকা, ওড়না, ওয়ান পিচ, টু পিচ, থ্রি পিচ, লেহেঙ্গা, প্লাজু, থান কাপড়, বিছানার চাদর, লুঙ্গি সহ শিশুদের কাপড় ও খেলনা সামগ্রী কম মূল্যে বিক্রি হতে দেখা যায় এই বৌ বাজারে। এ ছাড়া মাহিলাদের রান্না ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীও কম দামে ক্রয় করে থাকে এ বাজারে আসা বৌয়েরা।
জাফরাবাদ থেকে আসা সুবর্ণা নামের এক গৃহিনী বলেন, বাচ্চা নিয়ে বৌ বাজারে এসেছি। পছন্দ মত কিছু কাপড় নিজের জন্য কিনবো। কিছু কাপড় বাচ্চার জন্যও কিনে নিয়ে যাবো।
বীর কাশিমনগর থেকে আসা আল্পনা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, ওয়ান পিচ আর ওড়না কিনতে বৌ বাজারে ঢুকলাম। এখানে কাপড় মার্কেট থেকে অনেক কম দামে কেনা যায়।
বৌ বাজার বাজার কমিটির সভাপতি মোঃ নূরুল হক বলেন, অল্প দিনের মধ্যে ডুমরাকান্দা বিডিআর মার্কেটের বৌ বাজার খুব জমে ওঠেছে। দূর দূরান্ত থেকে মহিলারা আসছে বৌ বাজারে কাপড় ক্রয় করতে। আমাদের বেঁচা বিক্রিও ভালো।
এ ব্যাপারে বৌ বাজারে আসা বিক্রেতা ইব্রাহিম বলেন, বৌ বাজারে আমরা আমাদের মালামাল কম মূল্যে বিক্রি করে থাকি। সামান্য লাভে মালামাল বিক্রি করায় আমাদের বিক্রি যেমন ভালো তেমনই দিন দিন ক্রেতার সংখ্যা বাড়ছে এ বাজারকে ঘিরে।
