কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। আজ ১৪ জুন সোমবার উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইকতলী গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (২১), মোঃ তাজু মিয়ার ছেলে মোঃ সাত্তার মিয়া (১৯) ও ভৈরব উপজেলার চান্ডিবেড় দক্ষিণপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান বাবু (২৩)।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, গোপনে সংবাদ পেয়ে সোমবার সকাল ৯ টার দিকে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে ২৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয় ৩ মাদক ব্যবসায়ীকে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
