নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়া উপজেলার চরব্রাহ্মণডাঙ্গা ও হান্দলা গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রাদি সহ ৫জনকে আটক করেছে পুলিশ। অভিযানকালে ৯টি ধারালো সড়কি, ৩টি ঢাল ও ৩টি ঝুপি উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান, কাইজ্যা প্রবণ এলাকা হিসেবে পরিচিতি চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের পাট ক্ষেত থেকে ৯টি ধারালো সড়কি, ৩টি ঢাল ও ৩টি ঝুপিসহ মোশারেফ মোল্যা নামে একজনকে আটক করা হয়। এছাড়া লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে জাকারিয়া মোল্যা, আবুল লস্কার, কাশেম লস্কার ও মাসুদুর রহমান নামে চারজনকে আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা, চরব্রাহ্মণডাঙ্গা, হান্দলা ও বাড়ীভাঙ্গা গ্রামের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাজির মোল্যার গ্রুপ ও তাইজুল মোল্যার গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছে। ইতিপূর্বে কয়েক দফা সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
