দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আশিক হাসান জুয়েল (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২ জুন) রাত ১০টার দিকে উপজেলা সদরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এই হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত জুয়েল ওই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, জুয়েলের শিশুপুত্র রেখে প্রায় বছর খানেক আগে তার স্ত্রী অন্যত্র বিয়ে করে চলে যায়। সেই থেকে মনমরা হয়ে থাকতেন জুয়েল। প্রতিদিনই সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি বাড়ির পাশে পুকুর পাড়ে বসে সময় কাটাতেন। বুধবার সন্ধ্যার পরও তিনি পুকুর পাড়ে যায়।
কিন্তু তার ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাতে তাকে খুঁজতে গিয়ে পুকুরের ঘাটের সিড়িতে রক্ত পড়ে থাকতে দেখে। রক্তের দাগ অনুসরণ করে একপর্যায়ে তারা পুকুরের মধ্যে জুয়েলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক কোপের দাগ রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
