হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ভিক্ষুকের চাল খোয়া!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

গ্রামগঞ্জে ঘুরে ৪ থেকে ৫ কেজি চাল হয়েছিল ভিক্ষুক কুলসুম বেগমের। সেই চাল বাড়ি নিতে পারেননি কুলসুম। দুপুরে মণিরামপুর থানার সামনে চাউলপট্টিতে ব্যবসায়ী হরিপদের দোকানের পাশে চালের প্যাকেট রেখে কুলসুম গিয়েছিলেন তরকারি বাজারে কিছু সাহায্য চাইতে। ফিরে এসে দেখেন তার রাখা চালের প্যাকেট নেই। উপজেলার ভরতপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী ভিক্ষুক কুলসুম। কুলসুমের প্যাকেটে শুধু চাল ছিল না, বাড়ির বাচ্চাদের জন্য মানুষের দেয়া কিছু পুরাতন কাপড় এবং বিস্কুটও ছিল। তার সবই খোয়া গেলে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকেন। একপর্যায়ে বাজারের লোকজন তাকে পুনরায় সাহায্য হিসেবে চাল-তরকারি দিয়ে তাকে বাড়িতে পাঠায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে মণিরামপুর বাজারের চাউলপট্টিতে। কান্নাজড়িত কন্ঠে কুলসুম বেগম জানান, সোমবার গ্রামে বের হতে পারিনি, তাই বাড়িতে কোনো খাবার ছিল না। সোমবার গ্রাম থেকে চাল ধার করে খেয়েছি। মঙ্গলবার সকাল থেকে কয়েকটি গ্রামে ঘুরে ৪-৫ কেজি চাল হয়েছিল, কিন্তু ঘরে নিতে পারলাম না। কুলসুম বেগমের এমন অসহায় অবস্থা দেখে ব্যবসায়ী সাধন কুন্ডু, আনোয়ারুল হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী তাকে সাহায্য করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন