মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার, দুপুরে, উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। মোল্লাহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তাবৃন্দ ও সূধীজনদের সাথে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্মময় জীবনে মানুষের জন্য কিছু করতে পারলেই আসে মানব জনমের স্বার্থকতা।
নশ্বর জীবনকে কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে অবিনশ্বর করতে হবে। জাতির জনকের আদর্শকে লালন করে, কর্মময় জীবনে দুর্নীতি মুক্ত থেকে, সেবক হিসাবে কাজ করে দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান করার প্রত্যয় ব্যাক্ত করে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের চরম আত্বত্যাগের মাধ্যমে আমরা আমাদের মাতৃভূমিকে পেয়েছি। এদেশ স্বাধীন না হলে আমরা যারা আজ বড় বড় চাকুরী করছি, তা সম্ভব হতো না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের অনেক সম্মান দিয়েছেন তাই আমাদের সকলেরই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিতে হবে। ইউনেস্কো স্বীকৃত বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব দরবারে আরো প্রচার ও প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পর্যটকরা আকৃষ্ট হয়ে এখানে বেড়াতে আসে। এসময় নবাগত জেলা প্রশাসক তাঁর ও তাঁর সহধর্মীনীর বাগেরহাট কেন্দ্রীক বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন। এর আগে তিনি দারিয়ালা আঠারোবাকি নদীতীরে অবস্থিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গৃহহীন ও ভূমিহীনদের প্রদত্ত¡ বাসগৃহ পরিদর্শন, চুনখোলা আমার বাড়ি, আমার খামার প্রকল্পের সফল খামারীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
