খুলনা অফিস :
খুলনা আলিয়া মাদ্রাসায় জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ শতকরা ৮৫ ভাগ অগ্রগতি হলেও বাকী ১০টির কাজ চলছে শম্ভুক গতিতে। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বরাদ্দের স্বল্পতা ও জমি অধিগ্রহণসহ নানা জটিলতায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, দেশে পর্যাপ্ত মসজিদ থাকলেও একই স্থান থেকে বিভিন্ন ইসলামিক কার্যক্রম পরিচালনা করার মতো মডেল মসজিদ নেই। তাই এ ধরনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে খুলনা আলিয়া মাদ্রাসা ও বিভাগীয় কমিশনার অফিসসহ ডুমুরিয়া, বটিয়াঘাটা, রূপসা, দিঘলিয়া, ফুলতলা, কয়রা, তেরখাদা, দাকোপ ও পাইকগাছা এই নয় উপজেলায় মডেল মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন হচ্ছে। উপজেলা পর্যায়ে নির্মিত হচ্ছে তিন তলা বিশিষ্ট মসজিদ।
প্রতিটি মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি টাকা অর্থাৎ নয় উপজেলায় নির্মাণে ব্যয় হচ্ছে মোট ১১৭ কোটি টাকা। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা অর্থাৎ আলিয়া মাদ্রাসা ও বিভাগীয় কমিশনার অফিসে দু’টি মসজিদ নির্মাণে ব্যয় হচ্ছে ৩০ কোটি টাকা। ৪ তলা বিশিষ্ট এ দু’টি মসজিদে থাকবে লাইব্রেরী, গাড়ি পার্কিং ও লিফট, একসাথে ১ হাজার পুরুষ ও মহিলা মুসল্লির আলাদা নামাজের ব্যবস্থাসহ দৃষ্টিনন্দন করার নানা পরিকল্পনা। চলতি বছরের মধ্যেই এসব মসজিদ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, আলিয়া মাদ্রাসায় জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ শতকরা ৮৫ ভাগ কাজ শেষ হলেও বিভাগীয় কমিশনার অফিসসহ বাকি নয় উপজেলায় ১০টি মসজিদ নির্মাণ কাজে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। বিভাগীয় কমিশনার অফিস, ডুমুরিয়া, রূপসা, ফুলতলা, তেরখাদা, দাকোপ ও পাইকগাছায় গড়ে শতকরা মাত্র ১৫ ভাগ অগ্রগতি হয়েছে। আর বটিয়াঘাটা ও কয়রা উপজেলায় এখনও কাজ আরম্ভ করা সম্ভব হয়নি। এ অবস্থায় নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
প্রকল্প বাস্তায়নকারী সংস্থা খুলনা গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী সমীর কুমার বিশ্বাস বলেন, আলিয়া মাদ্রাসায় জেলা মডেল মসজিদ নির্মাণ কাজে ৮৫ ভাগ ও রুপসায় ৩৫ ভাগ অগ্রগতি হয়েছে।
তবে উপজেলাগুলোতে নিয়োজিত অন্য উপ-সহকারী প্রকৌশলীরা জানিয়েছেন, বটিয়াঘাটা ও কয়রায় ডিাজাইন হাতে না পাওয়া, স্থান নির্ধারণ, জমি অধিগ্রহণ ও পুরনো স্থাপনা অপসারণ জটিলতায় কাজ আরম্ভ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে এপ্রিলে ৫০টি, সেপ্টেম্বরে ৬০টি ও ডিসেম্বরে ৬০টি মোট ১৭০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
s
