নড়াইল প্রতিনিধি:
নড়াইলে খরিপ–২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল–১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল–২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এবং নড়াইল সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলার সর্বমোট ২ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা সহায়তা প্রদান করা হবে। কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং bags ১০ কেজি এমওপি (MOP) সার দেওয়া হচ্ছে।
বিতরণকালে কৃষি কর্মকর্তারা জানান, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আমন চাষাবাদে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতেই সরকারের এই বিশেষ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সঠিক সময়ে এই উন্নত জাতের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকেরা ভালো ফলন পাবেন এবং জেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
