নড়াইল প্রতিনিধি:
‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ভোক্তা–অধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে নড়াইল কোর্ট চত্বরে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বর্ণাঢ্য র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভায় বক্তারা বর্তমান বাজার পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে মানহীন ও ভেজাল পণ্যের ছড়াছড়ি জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, পণ্যের সঠিক মূল্য, উৎপাদন ও মেয়াদের তথ্য স্পষ্টভাবে প্রদর্শন নিশ্চিত করতে হবে। বাজার মনিটরিংয়ে শৈথিল্য দেখালে ভোক্তাদের নাভিশ্বাস আরও বাড়বে।
একটি ন্যায়ভিত্তিক ও ভোক্তা–বান্ধব বাজারব্যবস্থা গড়ে তুলতে সরকার, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ক্যাব–এর স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।
