মোস্তফা কামাল:
নড়াইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড, মোহাম্মদ আবদুল ছালাম ।
সভায় জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুর রশিদ জানান, দেশের মোট জনগোষ্ঠীর ৩৯% ধূমপান করেন এবং ক্যান্সার রোগীদের ৪৬% তামাক ব্যবহারকারী। তামাকের এই ভয়াবহতা রোধে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীহ হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৪ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা এবং সচেতনতামূলক দেয়াল লিখন ও ব্যানার টানানো। জনসমাগমস্থলে ধূমপান বন্ধে প্রতি সপ্তাহে অন্তত একটি করে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং জরিমানার পরিমাণ বৃদ্ধি করা। তামাক বিক্রেতাদের জন্য আলাদা ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা এবং অনলাইনে তামাকের প্রচার বন্ধে তদারকি বৃদ্ধি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন এবং তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড, মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স‘ নীতি বজায় থাকবে“।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মাহমুদ,জেলা তথ্য অফিসার রস্তম আলী এবং বিআরটিএ–এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কেশব কুমার দাস প্রমুখ।
