বিনোদন ডেস্ক :
হাওয়া সিনেমার হাওয়ায় দুলছে সারা দেশ। হাওয়া মানে অনুভূতি, হাওয়া মানে শিহরন। হাওয়া মানে জল ও গভীর সমুদ্রের গল্প। হাওয়া হলো মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা।
মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত তার প্রথম সিনেমা ‘হাওয়া’। দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা এ সিনেমটি শুক্রবার দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সিনেমা হলগুলোতে যেন উৎসবের আমেজ। আর এই উৎসবে যেন আরও একটু রং যোগ করে দিলেন তারকারা। হাওয়ার বিভিন্ন অভিনেতার ছবি সংবলিত শাড়ি পরে হলে ‘হাওয়া’ দেখতে এসেছেন তারা।
সিনেমাবোদ্ধা থেকে দর্শক, সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সবাইকে ‘হাওয়া’ নিয়ে মেতে উঠতে দেখা গেছে। শেষ কবে এমন দৃশ্য দেখা গেছে, তা আসলে মনে করা বেশ কঠিন। যদিও এটা মেটাফোরিক গল্প, তবুও সিনেমার দৃশ্যায়ন, চরিত্রগুলোর সংলাপ, উত্তাল সমুদ্র, ভয়ের আবহ সব মিলিয়ে এতে পাওয়া যাবে থ্রিলার চলচ্চিত্রের আমেজ।
